৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার সময়সূচি
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেবল ঢাকায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র ও হলভিত্তিক আসনবিন্যাস এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
এর আগে গত ২১ জুলাই শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ রয়েছে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি। আবেদন প্রক্রিয়া চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।
পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে।
- এমসিকিউর ২০০ নম্বরের মধ্যে প্রার্থীর নিজ বিষয়ের ওপর ১০০ নম্বর
- সাধারণ বিষয়ে ১০০ নম্বর (বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ ও মানসিক দক্ষতা ১০ নম্বর)
এমসিকিউ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।
এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছিল পিএসসি।

No comments
ধন্যবাদ।