মরণব্যাধি ক্যানসার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে শেষ
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড় অগ্রগতি অর্জন করেছে রাশিয়ান বিজ্ঞানীরা। তাদের তৈরি নতুন ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে এবং এখন এটি সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত।
রাশিয়ান সংবাদমাধ্যম তাস জানায়, রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।
ভ্যাকসিনটির নাম ‘এন্টারোমিক্স’, যা তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির পর বিশ্বব্যাপী পরিচিত এই প্রযুক্তি এবার ক্যানসার প্রতিরোধে ব্যবহৃত হলো। তবে এখানে দুর্বল ভাইরাস ব্যবহার না করে মানব শরীরের কোষগুলোকে বিশেষ প্রোটিন তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রোটিন ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে।
এফএমবিএ জানিয়েছে, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষায় সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে। বারবার ডোজ নিলেও কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। পরীক্ষায় সবচেয়ে ইতিবাচক দিক হলো— কিছু ক্যানসারের ক্ষেত্রে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে, অথবা তাদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি, ভ্যাকসিন গ্রহণকারীদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে।
প্রাথমিকভাবে ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। পাশাপাশি, বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (দ্রুত বৃদ্ধি পাওয়া মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বক ও চোখের ক্যানসার) মোকাবিলায়ও একই প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

No comments
ধন্যবাদ।