ক্যালেন্ডারভিত্তিকভাবে বিসিএস পরীক্ষা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্বচ্ছতা বজায় রেখে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ক্যালেন্ডারভিত্তিকভাবে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন,
“বিসিএস হলো সরকারি চাকরিতে প্রবেশের মূল দরজা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই ভবিষ্যতে সরকার পরিচালনা করবে। তাই এন্ট্রি পয়েন্টে কোনো ধরনের অনিয়ম হলে পুরো ব্যবস্থার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। সমস্যাগুলো চিহ্নিত করে দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে। প্রয়োজনে সংস্কার আনতে হবে, কারণ আগামী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যে পাঁচ বছরের একটি রোডম্যাপ তৈরি করেছে। সেই অনুযায়ী প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম শেষ হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। এখন থেকে যেন পিএসসি আবার আস্থার জায়গায় ফিরতে পারে, সেই লক্ষ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্রের মানও এমনভাবে উন্নীত করা হচ্ছে, যাতে প্রার্থীরা শুধু দেশে নয়, বৈশ্বিক প্রতিযোগিতাতেও নিজেদের প্রস্তুত করতে পারেন।
বৈঠকে পিএসসি’র আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং পিএসসি সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

No comments
ধন্যবাদ।