৪৭তম বিসিএস-এ গুরুত্বপূর্ণ ৮ নির্দেশনা পিএসসির
আগামী ১৯ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী—
পরীক্ষার সময়সূচি
প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- পরীক্ষা হলে বই, নোট, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পর প্রার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত থাকবেন।
- পরীক্ষার দিন প্রার্থীদের মোবাইল ফোনে নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে এসএমএস পাঠানো হবে।
- প্রার্থীদের অবশ্যই এসএমএস বার্তার নির্দেশনা মেনে চলতে হবে।
- পরীক্ষার সময় কানে কোনো আবরণ রাখা যাবে না। কানে হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র ও কমিশনের পূর্বানুমোদন নিতে হবে।
- কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত হবে এবং তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তিনি অযোগ্য ঘোষিত হবেন।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, পরীক্ষায় প্রতারণা বা অনিয়মে জড়িত থাকলে সংশ্লিষ্ট ধারায় বর্ণিত দণ্ড প্রদান করা হবে।
- সকাল সাড়ে ৯টার মধ্যে প্রার্থীদের হলে প্রবেশ করতে হবে। এর পর পরীক্ষার সব গেট বন্ধ করে দেওয়া হবে।

No comments
ধন্যবাদ।