৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্রে প্রদত্ত তথ্য, জমাকৃত সনদ ও ডকুমেন্ট, অঙ্গীকারনামার ভিত্তিতে প্রার্থীদের শর্তসাপেক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি বিধি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য ডকুমেন্টের সত্যতা এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যথাযথ সংস্থার মাধ্যমে যাচাই করবে। এসব যাচাই শেষে মনোনীত প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি আরও জানিয়েছে, প্রকাশিত মনোনয়নে কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।
ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd)।

No comments
ধন্যবাদ।