নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, হেলিকপ্টারে পালালেন কেপি শর্মা অলি
জেনারেশন-জেডের দুর্নীতিবিরোধী বিক্ষোভের চাপের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মঙ্গলবার পদত্যাগের পর তিনি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন বলে জানিয়েছেন তার সহকারী প্রকাশ সিলওয়াল। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুতে টানা দুই দিনের সহিংস আন্দোলনে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর অলি পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের আগে তিনি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশ ছাড়তে সেনাবাহিনীর সহায়তা চান। সেনাপ্রধান তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জানান, অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।
অফিশিয়াল সূত্রে জানা যায়, সেনাপ্রধানের কাছে দেশের সংকট মোকাবিলায় সেনাবাহিনীর নেতৃত্ব কামনা করেছিলেন অলি। তবে জেনারেল সিগদেল স্পষ্ট করেন—ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী হস্তক্ষেপ করবে।
এদিকে গুঞ্জন রয়েছে, অলি সম্ভবত দুবাই বা ভারতে আশ্রয় নেবেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়।
এই আন্দোলনকে বিক্ষোভকারীরা নাম দিয়েছেন “জেন-জি রেভল্যুশন”।

No comments
ধন্যবাদ।