জলকপাট খুলে দিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় নির্ধারিত সময়ের আগে জলকপাট খুলে দিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। আগামী মঙ্গলবার সকাল ৯টায় পানি ছাড়ার কথা থাকলেও সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কেন্দ্রটির ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিস্কাশিত হচ্ছে।
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১২টার আগেই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ ফুটে পৌঁছায়, যা বিপদসীমার চেয়ে বেশি। এই পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ১০৭ ফুটে পৌঁছানোর পর সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভাটির জনসাধারণকে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে অবহিতও করা হয়। কিন্তু পরে বৃষ্টি না হওয়ায় এবং ইনফ্লোর হার বিবেচনায় মঙ্গলবার সকাল ৯টায় পানি ছাড়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হঠাৎ করেই পানি দ্রুত বাড়তে থাকায় সোমবার রাতেই জলকপাট খুলতে হয়।
তিনি বলেন, "ভাটির মানুষদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।"
এদিকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যেগুলোর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

No comments
ধন্যবাদ।