ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণ
ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার (৩০ জুলাই) এক দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৪ জন, আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ জন। এর ফলে গত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ১৩৮ জনে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন হামাস হঠাৎ ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলা অভিযানের মধ্যেই গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে সেই বিরতি মাত্র দুই মাস স্থায়ী হয়। ১৮ মার্চ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফার অভিযান।
এই দ্বিতীয় পর্যায়ের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন আরও ৮ হাজার ৯৭০ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন ফিলিস্তিনি।
এদিকে, হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে আইডিএফ। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
গাজায় মানবিক বিপর্যয়ের মুখে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষিত থেকেছে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা করা হয়েছে।

No comments
ধন্যবাদ।