মাইলস্টোন বিমান দুর্ঘটনায় শনাক্ত ৫ মরদেহ, দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় শনাক্ত ৫ মরদেহ, দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ৫ মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব পরীক্ষার মাধ্যমে পাঁচজন নারী শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গত ২২ জুলাই সিআইডির ডিএনএ বিশেষজ্ঞ দল ঢাকা সিএমএইচে রক্ষিত অজ্ঞাত মরদেহ ও দেহাংশ থেকে ১১টি নমুনা সংগ্রহ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ জন নারীর পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল তৈরি করা সম্ভব হয়। ওই প্রোফাইলগুলো নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মেলানো হয়। এতে পাঁচজনের পরিচয় নিশ্চিত হয়।
পরিচিতি নিশ্চিত হওয়া পাঁচ শিক্ষার্থীর পিতামাতার নামও সিআইডির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়:
- ওকিয়া ফেরদৌস নিধি: পিতা মো. ফারুক হোসেন, মাতা সালমা আক্তার
- লামিয়া আক্তার সোনিয়া: পিতা মো. বাবুল, মাতা মাজেদা
- আফসানা আক্তার প্রিয়া: পিতা মো. আব্বাস উদ্দিন, মাতা মিনু আক্তার
- রাইসা মনি: পিতা মো. শাহাবুল শেখ, মাতা মিম
- মারিয়াম উম্মে আফিয়া: পিতা আব্দুল কাদির, মাতা উম্মে তামিমা আক্তার
উপদেষ্টা পরিষদের তিন দফা সিদ্ধান্ত
বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোন বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
১. বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়, পালন করা হয় এক মিনিট নীরবতা এবং দোয়া করা হয় তাদের আত্মার শান্তির জন্য।
২. নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় সরকার প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে।
৩. দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করা হবে।
ধর্মীয় প্রার্থনার উদ্যোগ
প্রেস উইং আরও জানায়, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে ধর্ম মন্ত্রণালয়।
মৃতের সংখ্যা বেড়ে ৩২
আইএসপিআরের তথ্যানুযায়ী, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আরও ১৬৫ জন দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

No comments
ধন্যবাদ।