নিখোঁজ হওয়া রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া অ্যান-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্তস্থলে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধারকাজে নিয়োজিত হেলিকপ্টার থেকে প্রাথমিক অনুসন্ধানে কোনো আরোহীর জীবিত থাকার চিহ্ন পাওয়া যায়নি।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশ থেকে পর্যবেক্ষণ চালিয়েও কোনো বেঁচে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। আমুর অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়, টিন্ডা বিমানবন্দরের পরিচালক উদ্ধার তৎপরতা তদারকি করছেন এবং আঞ্চলিক কর্মকর্তারা অভিযানের সমন্বয় করছেন। বিধ্বস্তের সময় আগুন ছড়িয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছিল, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের মালিকানাধীন। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশে যাত্রা করেছিল, কিন্তু মাঝপথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

No comments
ধন্যবাদ।