Header Ads

Header ADS

জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না সরকারি চাকরিতে

 

জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না সরকারি চাকরিতে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন কর্মসূচি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সেখানে ফ্ল্যাট বা সরকারি চাকরিতে কোটা বরাদ্দের কোনো পরিকল্পনা নেই। পুনর্বাসন মূলত তাদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেওয়া হবে। যেমন: হাঁস-মুরগি পালন, পশুপালন, মৎস্যচাষ ইত্যাদি ক্ষেত্রে সাহায্য করা হবে।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান থাকবে, যেহেতু তাদের আত্মত্যাগ স্বীকৃত। বর্তমানে মুক্তিযোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পান এবং একই পরিমাণ ভাতা পাচ্ছেন জুলাই যোদ্ধারাও। মুক্তিযোদ্ধাদের অবদান ও মর্যাদা অনস্বীকার্য হওয়ায় এ প্রসঙ্গ নিয়ে বেশি আলোচনা এড়িয়ে যাওয়াই উচিত।

সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকবে না, তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন।

ফারুক-ই আজম বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই গণঅভ্যুত্থানকে সরকারি স্বীকৃতি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে অভিহিত করা হয়েছে। ১২ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণসহ যাবতীয় বিষয়াদি পরিচালনার দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত, চিকিৎসা ব্যয় এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য ২৮ এপ্রিল ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান শহিদ ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে নিহতদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি ৮৩৪ জন এবং ৩০ জুন আরও ১০ জনসহ মোট ৮৪৪ জন শহিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তিন শ্রেণিতে ভাগ করে ২৭ ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণিতে ৪৯৩ জন, ‘খ’ শ্রেণিতে ৯০৮ জন এবং ‘গ’ শ্রেণিতে ১,৬৪২ জনকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আরও ১,৭৬৯ জনের তালিকা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.