রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাশে মাইলস্টোন কলেজ
রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আর এক দগ্ধ আহতকে ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার পর আগুনে পোড়া শরীর নিয়ে অনেককেই ঘটনাস্থল থেকে বের হতে দেখা গেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবন থেকে দগ্ধ অবস্থায় দৌড়ে বের হচ্ছেন অনেক মানুষ। সেনাবাহিনীর গাড়িতে করে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
দুপুর ১টার কিছু পর ‘এফ-৭ বিজিআই’ মডেলের এই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে আছড়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ।
দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অনেক অভিভাবকও।
জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, “বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে, অনেকে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা সঙ্গে সঙ্গে তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।”
তিনি আরও বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি। কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি এবং তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য আমাদের হাতে নেই।”
ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, “ছোট ছোট বাচ্চারা আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে বের হচ্ছে।” আরেকটি পোস্টে তিনি জানান, “উত্তরা মাইলস্টোন কলেজের হোস্টেল ভবনের ওপর বিস্ফোরণ ঘটেছে। আমার ছোট বোন কলেজ থেকে খবর পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। বিকট শব্দ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

No comments
ধন্যবাদ।