১৬ জুলাই কি সরকারি ছুটি
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা, থাকবে না সরকারি ছুটি
সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়।
এ ঘোষণা সামনে আসার পর অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে—আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো এই দিনেও কি সরকারি ছুটি থাকবে?
পরিপত্রে জানানো হয়েছে, ১৬ জুলাই দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নির্দেশনায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়—এসব দিবস সরকারিভাবে উদযাপন করা হয় ঠিকই, তবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসগুলোর মতো রাষ্ট্রীয় ছুটি বা ব্যাপক আনুষ্ঠানিকতা থাকে না। সাধারণত সীমিত পরিসরে কর্মসূচি আয়োজন করা হয় এবং কর্মদিবস হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, একই পরিপত্রে আরও জানানো হয়েছে—আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, দিনটিতে সরকারি ছুটি থাকবে।

No comments
ধন্যবাদ।