পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৬ যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ১৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে অন্তত ৬টি যানবাহনের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। বাসটি একে একে একটি প্রাইভেটকার, একটি জিপ, দুটি যাত্রীবাহী বাস এবং একটি অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। ইমাদ পরিবহনের ধাক্কায় ইলিশ পরিবহনের একটি বাস গিয়ে উঠে পড়ে অটোরিকশার ওপর, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
ঘটনার সময় দুজন মোটরসাইকেল আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে যান, যার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।
স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর থেকে ইমাদ পরিবহনের বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, টোল প্লাজার কাছাকাছি এলাকায় যানবাহনের উচ্চ গতি ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

No comments
ধন্যবাদ।