কবে হবে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ বা ১১ জুলাই
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর সারাদেশে একযোগে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, “ফলাফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।”
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। এরপর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডে শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়, যা অনুযায়ী সর্বশেষ সময়সীমা ১৫ জুলাই।
তবে শিক্ষা মন্ত্রণালয় আগেভাগেই ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের জানিয়েছেন, ১০ বা ১১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে বোর্ডগুলোকে।
এ বছর ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ নম্বর ও পূর্ণ সময় ধরে।
অন্যদিকে, বিগত ১৫ বছরের প্রচলিত রীতি অনুযায়ী ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের প্রথা এবার থেকে বন্ধ করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টাও ফল প্রকাশ উপলক্ষে আলাদা কোনো সংবাদ সম্মেলন করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ডের পক্ষ থেকে ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন আয়োজন করা হতে পারে।

No comments
ধন্যবাদ।