‘জুলাই যোদ্ধা’র গেজেট প্রকাশ
আরও ১০ জন ‘জুলাই শহীদ’ ও ১,৭৫৭ জন আহত ‘জুলাই যোদ্ধা’র গেজেট প্রকাশ
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দ্বিতীয় ধাপে আরও ১০ জন ‘জুলাই শহীদ’ ও ১ হাজার ৭৫৭ জন আহত ‘জুলাই যোদ্ধা’র নামের তালিকা প্রকাশ করেছে। সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়।
গণমাধ্যমকে হরিদাস ঠাকুর জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জন শহীদ ছাড়াও ‘ক’ শ্রেণিতে (অতি গুরুতর আহত) ১০৯ জন, ‘খ’ শ্রেণিতে (গুরুতর আহত) ২১০ জন এবং ‘গ’ শ্রেণিতে (আংশিক আহত) ১,৪৩৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আঞ্চলিক পরিসংখ্যান অনুযায়ী:
- ঢাকা বিভাগ: ৪০৫ জন
- খুলনা বিভাগ: ১৬৬ জন
- চট্টগ্রাম বিভাগ: ২২৬ জন
- বরিশাল বিভাগ: ১১৬ জন
- ময়মনসিংহ বিভাগ: ১১১ জন
- রংপুর বিভাগ: ৯০ জন
- রাজশাহী বিভাগ: ২৩৬ জন
- সিলেট বিভাগ: ৮৮ জন
এর আগে প্রথম ধাপে ১২ হাজার ৮৭৭ জন ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’র নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল।
আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম
বিধিমালা অনুযায়ী, সরকার প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র আকারে আর্থিক সহায়তা দিচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে উত্তরাধিকার আইনের আওতায় প্রতি পরিবারে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে, যার মোট পরিমাণ ৭৭ কোটি ২০ লাখ টাকা। অবশিষ্ট ৭২টি শহীদ পরিবারের ক্ষেত্রে পারিবারিক ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতা নিরসনের পর অনুদান দেওয়া হবে। বাকি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া শুরু হবে।
এছাড়া, প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের উদ্যোগও বিধিমালা অনুযায়ী বাস্তবায়নাধীন। তাদের জন্য একটি আধুনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) তৈরি করে অনলাইনভিত্তিক ভাতা কার্যক্রম পরিচালনার কাজও চলমান রয়েছে।

No comments
ধন্যবাদ।