খাবারের অপেক্ষায় থাকা ৮৫ ফিলিস্তিনিকে গুলি করল ইসরায়েল
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১১৫, ত্রাণের জন্য জড়ো হওয়া ৮৫ জনকে হত্যা
গাজায় ইসরায়েলি বাহিনীর গোলাগুলিতে অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু জিকিম ক্রসিং, রাফাহ এবং খান ইউনিস এলাকায় ত্রাণের জন্য জড়ো হওয়া অন্তত ৮৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সারাদিনে এসব ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি খাদ্য সংগ্রহ করতে গিয়ে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই উত্তর গাজার বাসিন্দা। এর মধ্যে ৬৯ জন প্রাণ হারান জিকিম সীমান্তে, যেখানে তারা জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ঘটনাস্থলে জড়ো হওয়া হাজারো ফিলিস্তিনি তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল, তাই তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে। তবে তাদের ভাষ্য, গাজার কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অতিরঞ্জিতভাবে প্রকাশ করছে এবং তারা সরাসরি কোনো ত্রাণবাহী গাড়িকে লক্ষ্য করেনি।
এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় প্রবেশ করা ২৫টি খাদ্যবাহী ট্রাক ঘিরে প্রচণ্ড ভিড় জমে যায়, তখনই ঘটে গুলির ঘটনা। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর এই সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এছাড়া দক্ষিণ গাজার একটি ভিন্ন ঘটনায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রবিবার সারাদিন গাজা জুড়ে চালানো বিমান হামলা ও গুলিতে নিহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।
হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরায়েলি আগ্রাসন ও গভীর খাদ্য সংকট ফিলিস্তিনি জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে এবং এটি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনাকেও প্রভাবিত করতে পারে।

No comments
ধন্যবাদ।