শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান
শাহরুখ খান মুম্বাইয়ে ‘কিং’ ছবির শুটিংয়ে আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে অ্যাকশন দৃশ্য ধারণের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কবে এটি ঘটেছে, তা জানা যায়নি। শাহরুখের আঘাত কতটা গুরুতর, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য মেলেনি।
চোট পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যদিও তাঁর শরীরের কোন অংশে আঘাত লেগেছে, তা এখনো প্রকাশ করা হয়নি। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
অন্য একটি সূত্র জানিয়েছে, চোট গুরুতর নয়, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। আগের কয়েক বছরেও বিভিন্ন অ্যাকশন ছবির শুটিংয়ে শাহরুখ একাধিকবার আহত হয়েছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার পরবর্তী অংশের শুটিং শুরু হতে পারে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে। এই সিনেমায় শাহরুখের সঙ্গে আছেন তাঁর মেয়ে সুহানা খান। খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

No comments
ধন্যবাদ।