বিদেশে পৌঁছানো ভয়ংকর: আসিফ মাহমুদ
হযরত শাহজালাল বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিদেশে পৌঁছানো ভয়ংকর: আসিফ মাহমুদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংকৃত ব্যক্তিগত ব্যাগের সিসিটিভি ফুটেজ বিদেশে পৌঁছে যাওয়াকে ভয়াবহ ও নিরাপত্তাজনিত হুমকি হিসেবে উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “গতকালের ঘটনা থেকে এটা পরিষ্কার—পিস্তল তো দূরের কথা, কেউ যদি মিসাইলও বহন করে, তাও কেউ নিরাপদ নয়।”
তিনি বলেন, “যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিদেশে পৌঁছে গেল, তা অত্যন্ত ভয়াবহ। যারা এ ধরনের তথ্য পাচার করছে, তারা চাইলে দেশি-বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তঘাতক কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছেও আমাদের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য বিক্রি করতে পারে।”
তিনি আরও যোগ করেন, “আমি সরকারে থেকেও যদি এমন নিরাপত্তা লঙ্ঘনের শিকার হই, তাহলে সাধারণ নাগরিকের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়। প্রশ্ন হচ্ছে—এই তথ্য পাচারকারীদের শাস্তি কী হবে?”
সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “যাদের কাজ শত্রুপক্ষের ওপর নজরদারি, তারা এখন জনগণের অর্থ খরচ করছে নাগরিকদের চরিত্র হনন ও নজরদারিতে। যারা সত্যিকারের হুমকি, তাদের দিকে নজর দেওয়ার পরিবর্তে হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে।”
তবে কিছুটা আশাবাদী হয়ে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। গণঅভ্যুত্থানের নেতৃত্বে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কারা এর পেছনে আছে, তা দেশের মানুষ বোঝার মতো সক্ষমতা রাখে।”

No comments
ধন্যবাদ।