Header Ads

Header ADS

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের গ্রহণ কার্যক্রম

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের গ্রহণ কার্যক্রম

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানার শরণার্থীদের গ্রহণ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের তথ্য এবং প্রাপ্ত নথির ভিত্তিতে সংবাদমাধ্যমটি শুক্রবার এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই শরণার্থীদের স্বাগত জানাবে। এরা সবাই দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ আফ্রিকান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

এ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (HHS) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সোমবার শরণার্থীদের আগমন উপলক্ষে স্বাগত অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারিখ পরিবর্তন হতে পারে, কারণ ফ্লাইটের সময়সূচি এবং শরণার্থীদের নথিপত্র সম্পন্ন করার বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

গত ৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকার আফ্রিকানার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের নির্দেশ দেন। ওই আদেশে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় এই গোষ্ঠীটি ‘অন্যায় জাতিগত বৈষম্যের শিকার’ হচ্ছে।

তবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ওই আদেশের কড়া সমালোচনা করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি দেশটির উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যের ইতিহাসকে অবজ্ঞা করে।

যুক্তরাষ্ট্র এমন সময়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থী নিতে যাচ্ছে, যখন দেশটি অন্যান্য অনেক যুদ্ধবিধ্বস্ত দেশের শরণার্থী গ্রহণ কার্যক্রম স্থগিত রেখেছে। নিরাপত্তা ও খরচের কারণ দেখিয়ে বহু আফগানসহ অন্যান্য দেশ থেকে পালিয়ে আসা শরণার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও অনেকের যাচাই–বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছিল। এখন তাঁরা বিশ্বের নানা দেশে অস্থায়ী আশ্রয়ে অপেক্ষা করছেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.