হ্যান্ডফ্যান কেনার আগে যেসব বিষয় জানা জরুরি
বৈশাখ মাস প্রায় শেষ। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত হলেও দুপুরের প্রচণ্ড রোদ আর গরম যেন নাকাল করে দিচ্ছে সবাইকে। এবারের গ্রীষ্মে তাপমাত্রার তেজ যেন একটু বেশিই। গরম থেকে তাৎক্ষণিক আরাম পেতে মানুষ খুঁজছে সহজ ও কার্যকর উপায়। এক সময় তালপাতা, বেত বা কাপড়ের হাতপাখা ছিল প্রধান ভরসা, এখন সেগুলোর জায়গা দখল করে নিচ্ছে বিদ্যুৎচালিত হ্যান্ডফ্যান বা ইলেকট্রিক হ্যান্ডফ্যান।
জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক হ্যান্ডফ্যানের
ইলেকট্রিক হ্যান্ডফ্যান নতুন কিছু না হলেও চলতি গরমে এর ব্যবহার চোখে পড়ার মতো বেড়েছে। প্রায় সব হ্যান্ডফ্যানই রিচার্জেবল এবং পোর্টেবল, যা সহজেই চার্জ করা যায় ল্যাপটপ, পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল চার্জারের মাধ্যমে। একবার পূর্ণ চার্জে ২-৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
বৈচিত্র্যময় ডিজাইন ও মূল্য
বাজারে এখন নানা মাপ ও ডিজাইনের হ্যান্ডফ্যান পাওয়া যাচ্ছে—১০ সেন্টিমিটার থেকে শুরু করে ১০ ইঞ্চি পর্যন্ত। ছোট সাইজের হ্যান্ডফ্যানগুলো ব্যাগে বহন করা সহজ, তাই সেগুলোর চাহিদা বেশি। বেশিরভাগ ফ্যানই চীন থেকে আমদানি করা। আকর্ষণীয় রঙ ও ডিজাইনের কারণে এগুলো শুধু গরম থেকে রেহাই নয়, ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
বিভিন্ন কার্টুন চরিত্র যেমন মাই মেলোডি, হ্যালো কিটি, সিনামোরোল ইত্যাদির অনুপ্রেরণায় তৈরি কিছু হ্যান্ডফ্যানের দাম প্রায় ১,৯৯৯ টাকা। সাধারণ হ্যান্ডফ্যান পাওয়া যাচ্ছে ৯৯৯ থেকে শুরু করে ১,৯৯৯ টাকার মধ্যে। কিছু মডেলে ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যা ফ্যানের স্পিড এবং ব্যাটারির চার্জ দেখায়।
কোথায় মিলবে
রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী সুপার কমপ্লেক্স, নিউমার্কেট, আলাউদ্দিন টাওয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে গ্যাজেট বা লাইফস্টাইল শপে পাওয়া যাচ্ছে এসব ফ্যান। মিনিসো, ইয়ো ইয়ো সো-তেও রয়েছে স্টাইলিশ হ্যান্ডফ্যানের সংগ্রহ।
অন্যদিকে, যারা একটু সাশ্রয়ী দামে খুঁজছেন, তারা এসব মার্কেটে নন-ব্র্যান্ডেড পণ্য ২০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
অনলাইনে কিনতে চাইলে দারাজসহ বিভিন্ন ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে বৈচিত্র্যময় হ্যান্ডফ্যান।

No comments
ধন্যবাদ।