তিন তারকার মাকে সম্মাননা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল
বিনোদন অঙ্গনের তিন তারকার মাকে সম্মাননা জানাতে যাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১১ মে, রোববার মা দিবস উপলক্ষে ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, মা দিবস উপলক্ষে তারা প্রতি বছর "গরবিনী মা" শিরোনামে সম্মাননা প্রদান উৎসব আয়োজন করে থাকে। এ বছর এই আয়োজনের এক যুগ পূর্তি হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১২ জন গুণী ব্যক্তির মায়েদের এই সম্মাননা জানানো হবে।
বিনোদন জগত থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং সংগীতে দিলশাদ নাহার কনার মা সম্মাননা পাবেন।
হাসপাতালের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়, রাওয়া কনভেনশনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মায়েদের সম্মাননা প্রদান করা হবে, যেমন প্রশাসন, আইন, শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় (নারী ও পুরুষ) ইত্যাদি।
আশীষ কুমার চক্রবর্তী বলেন, "সমাজের গুণীজনদের মায়েদের সম্মাননা জানানো আমাদের হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, রাষ্ট্র ও সমাজে যাঁরা গুণীজনদের আসনে পৌঁছান, তাঁদের গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের ত্যাগ ও পরিশ্রম কতটা গুরুত্বপূর্ণ।" তিনি আরও যোগ করেন, "মায়েদের সংগ্রাম ও পরিশ্রমের মূল্য কোনো সন্তান কখনোই যথাযথভাবে দিতে পারে না। আমাদের এই আয়োজন সেই মায়ের প্রতি কিছুটা সম্মান জানানোর প্রচেষ্টা।"

No comments
ধন্যবাদ।