Header Ads

Header ADS

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত

পাকিস্তান আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেই এই দাবি করেছেন। এর আগে পাকিস্তান জানিয়েছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এবার নতুন করে আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানানোর পর এই সংখ্যা দাঁড়াল ছয়টিতে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন যে, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় ৬ থেকে ৭ মে রাতের মধ্যে ভারতের একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এই ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কামরায় অবস্থিত একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে ছিলেন। সেখানে তিনি বলেন, “এই ঘটনা আমাদের বিমান বাহিনীর দক্ষতা ও মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিশ্রুতির প্রতিফলন।”

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী ঘাঁটি পরিদর্শনের সময় পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও জাতীয় প্রতিরক্ষায় অবদানের প্রশংসা করেন।

শেহবাজ বলেন, “ভারতের অকারণ আগ্রাসনের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম ও কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছে। তাদের দ্রুত ও পরিকল্পিত প্রতিক্রিয়া শুধু হুমকি প্রতিহত করেনি, বরং শত্রুপক্ষের সামরিক শক্তিকেও বড় ধাক্কা দিয়েছে। এটি আমাদের ভূখণ্ড রক্ষায় বাহিনীর প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে।”

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সাহসিকতা ও সতর্কতার জন্য পুরো জাতি গর্বিত। দেশের নিরাপত্তা অটুট রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর ও সময়োপযোগীভাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকীর নেতৃত্বের প্রশংসাও করেন এবং আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানকে গুরুত্ব দেন।

পূর্বে পাকিস্তান দাবি করেছিল, সংঘাত চলাকালীন ভারতের তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এবার নতুন করে একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি সামনে এলো।

তবে ভারত এখনো পাকিস্তানের এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো সংঘাতে ক্ষয়ক্ষতি স্বাভাবিক ঘটনা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.