পিএসএল এর ছাড়পত্র পেলেন মিরাজ
সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে নিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। মিরাজকে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া হয়েছে অনাপত্তিপত্র (এনওসি)।
পিএসএল থেকে প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেন। সোমবার (১৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরাজকে অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তাদের পক্ষ থেকে জানানো হয়, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে তাকে।
যদিও মিরাজকে মাত্র ৪ দিনের জন্য ছাড়পত্র দেয়া হয়েছে, তবুও এই সময়টুকুই যথেষ্ট হতে পারে লাহোর কালান্দার্সের জন্য। কারণ, তারা ২২ মে এলিমিনেটর ম্যাচ খেলবে। সেখানে জয়ী হলে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৫ মে ফাইনালে অংশ নেবে দলটি। অর্থাৎ, প্লে-অফ পর্বের পুরো সময়জুড়েই দলের হয়ে খেলতে পারবেন মিরাজ।

No comments
ধন্যবাদ।