গোরখোদক মনু মিয়ার পাশে দাঁড়াতে চান খায়রুল বাসার
কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়াকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘গোরখোদক’ নামে। দীর্ঘ ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে আসছেন তিনি। এখন পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি কবর খনন করেছেন কোনো রকম অর্থ বা উপহার গ্রহণ না করে।
গ্রামের কোথাও মৃত্যুর খবর পেলেই মনু মিয়া ছুটে যেতেন নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই বিশ্বস্ত সঙ্গীটি আর নেই। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার অনুপস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে ঘোড়াটিকে হত্যা করেছে। তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় রেখে পরিবারের সদস্যরা এই মর্মান্তিক খবরটি এখনো তার কাছে গোপন রেখেছেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নজরে আসে দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। সোমবার (১৯ মে) সকালে তিনি মনু মিয়াকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র শেয়ার করেন এবং ক্যাপশনে তার পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
ভিডিওর ক্যাপশনে খায়রুল বাসার লেখেন, "আমি মনু মিয়াকে একটি ঘোড়া কিনে দিতে চাই। আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন, যতদিন না তিনি আমার কবর খুঁড়েন। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, আমি চিরকৃতজ্ঞ থাকব।"
খায়রুল বাসারের এই মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই মনু মিয়ার নিঃস্বার্থ কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

No comments
ধন্যবাদ।