জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব শুরু হচ্ছে আগামীকাল চুয়েটে
চুয়েটে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)–এ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় রোবোটিকস ও প্রযুক্তি উৎসব। মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশল (এমআইই) বিভাগের আয়োজনে প্রথমবারের মতো এই তিন দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের আয়োজনে সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রথম আলো।
উৎসবের সূচনা হবে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কেক কাটার অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূইয়া। বেলা ১১টায় অনুষ্ঠিত হবে একটি কারিগরি কর্মশালা, যেখানে রুয়েট, ট্রান্সকম লিমিটেড, ইলেকটিক লিমিটেড এবং বিএসআরএম-এর বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা আলোচনা করবেন প্রযুক্তি ও শিল্প খাতের সমসাময়িক নানা বিষয় নিয়ে। বিকেল তিনটায় এমআইই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা।
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জনপ্রিয় প্রতিযোগিতা—লাইন ফলোয়িং রোবট রেস, রোবো ফুটবল এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে বাস্তব সমস্যা সমাধান চ্যালেঞ্জ।
শেষ দিন শনিবার থাকবে প্রজেক্ট প্রদর্শনী, ক্যাড সফটওয়্যার ব্যবহার করে নকশা তৈরির প্রতিযোগিতা এবং দাবা টুর্নামেন্ট। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা, যা দিয়ে পর্দা নামবে এবারের উৎসবের।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ৪১টি বিশ্ববিদ্যালয় থেকে ৭০০-এর বেশি শিক্ষার্থী এ উৎসবে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি থাকছেন শিক্ষক ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এমআইই বিভাগের প্রধান ড. প্রসঞ্জীত দাশ বলেন, "তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি ও রোবোটিকস শিক্ষায় আগ্রহী করে তোলা, তাঁদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং বর্তমান বিশ্বের প্রযুক্তির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।"
এই উৎসব প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে তরুণদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

No comments
ধন্যবাদ।