ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
পাকিস্তানের দাবি: ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত
কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঠানো ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার (৯ মে) পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি এবং দৈনিক ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে। এরপর ৯ মে রাত থেকে আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনগুলো পাকিস্তানের সীমান্তে নজরদারি ও হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে দাবি করে ইসলামাবাদ।
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক ও পরিকল্পিত জবাব’ দেওয়া হচ্ছে। আইএসপিআর’র ভাষ্যমতে, সফট-কিল (ইলেকট্রনিক) ও হার্ড-কিল (অস্ত্রভিত্তিক) প্রযুক্তির মাধ্যমে শত্রুর সব ড্রোন ধ্বংস করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
এদিকে পাকিস্তান আরও দাবি করেছে, পাল্টা প্রতিরক্ষামূলক হামলায় তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে নামিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের রাফায়েল, মিগ-২৯ ও এসইউ-৩০ বিমান ভূপাতিত করা হয়েছে।
ভারতের হামলায় পাকিস্তানের আহমেদপুর অঞ্চলে শিশুসহ অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন।
এর আগে ভারত দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পিওকে’র অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালানো হয়েছে।

No comments
ধন্যবাদ।