পাকিস্তানকে পানি ও অর্থনৈতিক চাপ
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের, আইএমএফ ঋণ আটকে দেওয়ার তৎপরতা
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এরই অংশ হিসেবে প্রথমে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করে ভারত। এবার দেশটি পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তা আটকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (৯ মে) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইএমএফ আজ পাকিস্তানকে ৭০০ কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এই প্রেক্ষাপটে ভারত আইএমএফকে পাকিস্তানের ঋণ কার্যক্রম নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত তার মতামত আইএমএফ বোর্ডের কাছে তুলে ধরবে। তিনি বলেন, “গত তিন দশক ধরে পাকিস্তানকে দেওয়া ঋণ কার্যক্রম কতটা কার্যকর হয়েছে, তা গভীরভাবে বিবেচনা করা উচিত আইএমএফ-এর।”
এদিকে বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি জানান, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি নিয়ে বিশ্বব্যাংক কোনো পক্ষ নেবে না। তিনি বলেন, "চুক্তিতে বিশ্বব্যাংকের ভূমিকা শুধুমাত্র মধ্যস্থতাকারীর। এটি বাতিল বা পুনরায় চুক্তির মাধ্যমেই পরিবর্তন হতে পারে।"
এর আগে রয়টার্স জানিয়েছিল, ভারত আইএমএফকে পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনার আহ্বান জানিয়েছে। সূত্র অনুযায়ী, পাকিস্তান সম্প্রতি ৭ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ পায় এবং মার্চ মাসে আরও ১.৩ বিলিয়ন ডলারের জলবায়ু সহায়তা ঋণ গ্রহণ করে।
ভারতের দাবি, পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থায় এই ঋণ কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না এবং এটি সন্ত্রাসে পরোক্ষ সহায়তার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নয়াদিল্লি চায়, পাকিস্তানের জন্য এমন বিদেশি ঋণ সহায়তা বন্ধ হোক।

No comments
ধন্যবাদ।