‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা
‘অপারেশন সিঁদুর’ ঘিরে বলিউডে সিনেমা তৈরির হিড়িক
পাকিস্তানে ভারতীয় সেনা অভিযানের সঙ্গে যেন বলিউডের সিনেমা তৈরির এক অদ্ভুত সমান্তরাল সম্পর্ক তৈরি হয়েছে। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বা ‘ফাইটার’-এর পর এবার ‘অপারেশন সিঁদুর’কে ঘিরে শুরু হয়েছে সেই চেনা উৎসাহ।
গত মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর পরপরই বলিউডে শুরু হয়েছে এ অভিযানকে কেন্দ্র করে সিনেমা বানানোর তোড়জোড়। ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ মে) পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে সিনেমা নিবন্ধনের আবেদন করেছে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজ-এর সভাপতি বি এন তিওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ধরনের জাতীয় বা সামরিক ঘটনার সঙ্গে সঙ্গে বলিউড প্রযোজক-নির্মাতারা নাম নিবন্ধনে নেমে পড়েন, যেন কার আগে কে সিনেমা বানাতে পারে—এই প্রতিযোগিতা।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, “গত কয়েক বছরে ‘উরি’, ‘ফাইটার’, ‘ওয়ার’-এর মতো সিনেমাগুলো বক্স অফিসে সফল হওয়ায় নির্মাতারা এখন আরও বেশি আগ্রহী ও সাহসী হয়ে উঠেছেন।”
যদিও এই মুহূর্তে নিবন্ধিত সিনেমাগুলোর কোনোটিরই চিত্রনাট্য লেখা শুরু হয়নি, তবুও আগেভাগে নাম দখল করে রাখাই তাদের প্রাথমিক কৌশল।
পরিচালক অশোক পণ্ডিত বলেন, “আমরাও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি সিনেমার নাম নিবন্ধ করেছি। আমরা সবসময় চেষ্টা করি যেকোনো সম্ভাব্য গল্প বা ঘটনা দ্রুত ধরে রাখতে।”

No comments
ধন্যবাদ।