উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে পানির বোতলে আঘাত পেয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।
হঠাৎ করে বিক্ষোভকারীদের ভিড় থেকে একটি পানির বোতল ছোড়া হলে তা গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। ঘটনার সময় বোতল ছোড়ার ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
বোতল নিক্ষেপকারী যুবকের নাম ইশতিয়াক হোসেন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে তার পরিচয় প্রকাশ করেন। ‘জবিয়ান্স’ নামের একটি পেজে স্পষ্ট করে লেখা হয়, “বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসাইন। বিভাগ: অর্থনীতি, ব্যাচ: ১৯।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সে আমাদের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো আদায় করা। এখন এসব বিষয় নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই ঘটনাকে 'নিকৃষ্ট' ও ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন।

No comments
ধন্যবাদ।