পিএসএলে খেলার অনুমতি পেলেন সাকিব আল হাসান
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে শুরুতে অবিক্রিত থাকলেও টুর্নামেন্টের মাঝপথে সাকিব আল হাসানকে স্কোয়াডে যুক্ত করেছে লাহোর কালান্দার্স। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেন সাকিব, যা পরে অনুমোদন করে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে দলে নেওয়ার বিষয়টি আগেই এক বিবৃতিতে নিশ্চিত করেছিল লাহোর কালান্দার্স। কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায় দলে যুক্ত হয়েছেন তিনি।
লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, “সাকিবকে লাহোর কালান্দার্স পরিবারে পেয়ে আমরা রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড পারফরম্যান্স টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদের জন্য দারুণ একটি সংযোজন। তার উপস্থিতি স্কোয়াডের গভীরতা বাড়াবে এবং মাঠের ভেতরে-বাইরে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আত্মবিশ্বাসী।”
অন্যদিকে, সাকিব আল হাসান বলেন, “এই মৌসুমে পিএসএলের অংশ হতে পেরে আমি খুবই খুশি। এখন টুর্নামেন্ট এমন এক পর্যায়ে, যেখানে প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএসএল এমন একটি লিগ, যেটা আমি সবসময় উপভোগ করি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দুর্দান্ত সমর্থক গোষ্ঠী আছে, দলে টিম স্পিরিট আছে এবং তারা ভালো ফল চায়—এমন একটি দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।”

No comments
ধন্যবাদ।