Header Ads

Header ADS

ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু শ্রীলঙ্কায়

ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন

শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই যাত্রার মধ্য দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলো প্রতিষ্ঠানটি। শ্রীলঙ্কাজুড়ে এক হাজারেরও বেশি সেলস আউটলেটে ওয়ালটনের পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

শনিবার (১০ মে) সন্ধ্যায় কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ওয়ালটনের শ্রীলঙ্কা অভিযান। আয়োজনে অংশ নেয় শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান এবং ওয়ালটনের স্থানীয় অংশীদার ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে দেশটির ৪০০-এর বেশি পরিবেশক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মাহবুবুল আলম বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওয়ালটন ইতোমধ্যেই শ্রীলঙ্কায় একটি পরিচিত নাম হয়ে উঠেছে। ব্যবসায়িক অংশীদার হিসেবে মনিক ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

তিনি জানান, বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওয়ালটন পণ্যের ডিজাইন, প্রযুক্তি ও গুণগতমান উন্নয়নে নিয়মিতভাবে বিনিয়োগ করছে। বাংলাদেশে পণ্যভিত্তিক রিসার্চ অ্যান্ড ইনোভেশন (R&D) সেন্টারের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ায়ও আরঅ্যান্ডআই সেন্টার চালু করা হয়েছে। এরই ফলশ্রুতিতে ওয়ালটন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিদ্যুৎ-সাশ্রয়ী রেসিডেনসিয়াল এসি ও বিশ্বের প্রথম ভয়েস কন্ট্রোল এসি বাজারজাত করতে সক্ষম হয়েছে। এছাড়া ওয়ালটনের বিভিন্ন পণ্যে ব্যবহৃত হচ্ছে নিজস্ব উদ্ভাবিত AI, IoT এবং ইনভার্টার প্রযুক্তি।

গ্লোবাল মার্কেটে ব্র্যান্ড বিস্তারের বিষয়ে এস এম মাহবুবুল আলম বলেন, বর্তমানে ওয়ালটনের পণ্য ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে ওয়ালটনের পণ্যের চাহিদা বাড়ছে দ্রুত। শ্রীলঙ্কার বাজারেও দ্রুত জায়গা করে নেবে ওয়ালটন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিয়াপালা বলেন, গুণগতমান, উদ্ভাবনী প্রযুক্তি এবং মূল্য প্রতিযোগিতায় ওয়ালটন এগিয়ে রয়েছে। খুব শিগগিরই প্রতিষ্ঠানটির পণ্য দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব বলেন, ওয়ালটনের এই বিস্তার বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে আরও উজ্জ্বল করবে।

ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, ওয়ালটনকে গ্লোবাল টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নিরলস কাজ করছি। শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে সে লক্ষ্য আরও একধাপ এগিয়ে গেল।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বাজারে শক্ত অবস্থান তৈরিতে ওয়ালটন গড়ে তুলেছে ব্যাপক বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবাব্যবস্থা, যা স্থানীয় ভোক্তাদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.