৮ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতে এখনো ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
শুক্রবার (৩০ মে) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এদিন উপকূলজুড়ে দিনে দুবার জোয়ারের সম্ভাবনা রয়েছে, যেখানে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৮ ফুট বেশি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় জানায়, গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে টাঙ্গাইল ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝড়িয়ে বিলীন হতে পারে। তবে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে, ফলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়ে গেছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

No comments
ধন্যবাদ।