Header Ads

Header ADS

সারা দেশে বন্ধ পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার

সারা দেশে বন্ধ পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার

দেশজুড়ে চলমান নিম্নচাপ, ঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে দেশের পাঁচ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৩০ মে) এক ফেসবুক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, “নিম্নচাপজনিত ঝড়, টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটছে। পল্লী বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সংশ্লিষ্ট কর্মীরা নেটওয়ার্ক পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

ফয়েজ তৈয়্যব আরও জানান, প্রবল বৃষ্টিপাতের ফলে অনেক টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকায় পাঁচ হাজারের বেশি সাইট বর্তমানে বিচ্ছিন্ন। বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ — এসব অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, দেশের মোট ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার বিদ্যুৎসংযোগ হারিয়ে ‘মেইনস ফেইলর’-এর আওতায় পড়েছে, যা মোট সাইট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে প্রায় ৬৪.২ শতাংশ সাইট সচল রয়েছে, অর্থাৎ প্রায় ৩৫.৮ শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ।

তবে পরিস্থিতি সামাল দিতে টেলিকম অপারেটর এবং টাওয়ার কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থা হিসেবে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযোগ করেছে। পাশাপাশি আরও ৫০৪টি জেনারেটর স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর টেলিযোগাযোগ সেবা পুনরায় সচল করা যায়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.