স্নিগ্ধর পদত্যাগ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে
সিইও পদ থেকে স্নিগ্ধর পদত্যাগ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নতুন নেতৃত্বে কামাল আকবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বোর্ড সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
স্নিগ্ধ তার পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি নতুন সিইও হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবরকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “উচ্চশিক্ষার কারণে আমি সিইও পদ থেকে পদত্যাগ করেছি, তবে গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত থাকবে। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডিতে বর্তমানে ৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করায় স্নিগ্ধকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ফাউন্ডেশনের চলমান কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, অনুদানের ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স মওকুফের সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি। কল সেন্টার চালু হয়েছে, আইনি সহায়তা হিসেবে ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং শহীদ ও আহত পরিবারকে ১২টি সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০০ জন শহীদ পরিবারের সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে গঠিত ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক, মানবিক, চিকিৎসা এবং কর্মসংস্থানের সহায়তা দেওয়া এ সংস্থার মূল লক্ষ্য।

No comments
ধন্যবাদ।