প্রথমবারের মতো আইসিসি মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন মিরাজ
মিরাজের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আইসিসির মাসসেরা মনোনয়ন
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ব্যর্থ হলেও চট্টগ্রামে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের জন্য আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
সোমবার (৫ মে) আইসিসি প্রকাশিত তালিকায় মিরাজের সঙ্গে আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। এই প্রথমবারের মতো মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মিরাজ। এর আগে ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসান এ পুরস্কার জিতেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনায় উজ্জ্বল মিরাজ।
সিলেট টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট নেয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ও প্রথম ইনিংসে সেঞ্চুরি—সব মিলিয়ে মাসটা ছিল মিরাজের দখলে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে মনোনয়ন পেয়েছেন মুজারাবানি। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ পুরো ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এর মাধ্যমে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ৭০০ রেটিং ছুঁয়েছেন প্রথম জিম্বাবুইয়ান হিসেবে।
নিউজিল্যান্ডের বেন সিয়ার্স এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নেওয়ার পর মাউন্ট মঙ্গানুইয়ে আরও দুটি ম্যাচে পাঁচ-পাঁচটি করে উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন তালিকায়।
এদিকে নারী বিভাগের মনোনয়নে আছেন পাকিস্তানের ফাতিমা সানা, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রেস ও ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথিউস—তারা সবাই গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে উজ্জ্বল পারফর্ম করে নজর কাড়েন।

No comments
ধন্যবাদ।