ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস
ঢাকায় বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ লেখেন, “ঢাকায় চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে। নগরীর গণপরিবহন সমস্যা সমাধানে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
প্রকল্প সম্পর্কিত সূত্রে জানা গেছে, এর আওতায় ৪০০ বৈদ্যুতিক বাস কেনা হবে এবং নির্মাণ করা হবে ৩টি চার্জিং ডিপো। প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক অর্থায়ন করবে ২ হাজার ১৩৫ কোটি টাকা এবং সরকার যোগ করবে আরও ৩৭৫ কোটি টাকা।
এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী পাবেন আধুনিক, নির্ঝঞ্ঝাট ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা। যানজট ও বায়ুদূষণ কমানোর পাশাপাশি, এটি নাগরিক জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

No comments
ধন্যবাদ।