ভারতের যেকোনো আগ্রাসনের দ্রুত জবাব দেওয়া হবে
ভারতের যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের কঠোর ও দ্রুত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) ‘এক্সসারসাইজ হ্যামার স্ট্রাইক’ নামের একটি সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
এই মহড়ার আয়োজন করেছিল পাকিস্তানের সেনাবাহিনীর মাঙ্গলা স্ট্রাইক কোর। সেখানে বক্তব্যে আসিম মুনির বলেন, “একটি বিষয় একেবারে পরিষ্কার—ভারতের যেকোনো আগ্রাসনের জবাব আমরা দ্রুত, দৃঢ় ও আরও জোরালোভাবে দেব।” এই বক্তব্য পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা বাড়ে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

No comments
ধন্যবাদ।