ট্রাম্প সরিয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে
মাইক ওয়ালৎসকে সরিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী দায়িত্বে রুবিও
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্থলে অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব পালন করবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বৃহস্পতিবার (১ মে) স্থানীয় সময় হোয়াইট হাউসে এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ওয়ালৎস জাতির স্বার্থ রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন এবং তাঁকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী দূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।
সম্প্রতি একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ওয়ালৎস ভুলবশত একজন সাংবাদিককে যুক্ত করেন। তখনই তাঁর অবস্থান প্রশ্নের মুখে পড়ে। যদিও সঙ্গে সঙ্গে তাঁকে বরখাস্ত করা হয়নি, তবে ওই ঘটনার পর থেকেই তার প্রভাব কমতে থাকে।
এদিকে, ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী ও এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওং তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্র দপ্তরে উত্তর কোরিয়া বিষয়ক দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, মার্কো রুবিওর আগে সবশেষ একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার, যা ঘটে ১৯৭০-এর দশকে।

No comments
ধন্যবাদ।