মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের ফ্লাইট
এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী।
হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন গাইড এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সহায়তায় কাজ করবেন।
হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং নাস এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে।
হজের অন্যতম প্রধান অংশ হলো আরাফাতের ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হবে। এ খুতবা সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রচার করা হবে এবং তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করা হবে। অনুবাদ হওয়া ভাষাগুলোর মধ্যে রয়েছে—বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

No comments
ধন্যবাদ।