সারাদেশজুড়ে আজ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন সারা দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন তারা। একই দিন সারাদেশেও অবরোধ কর্মসূচি পালিত হয়। কুমিল্লায় অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে, যা আন্দোলনকে আরও আলোচনায় নিয়ে আসে।
পরদিন, ১৭ এপ্রিল, সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস পাওয়ার পর আন্দোলন কিছুটা শিথিল করে শিক্ষার্থীরা আলোচনায় বসেন। তবে আলোচনা আশানুরূপ ফল না দেওয়ায় আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায়, আন্দোলনের তীব্রতা প্রকাশ করতে ১৮ এপ্রিল শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেন। পরে, ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। ওই রাতেই আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
তবে, ২৩ এপ্রিল আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের নতুন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি দাবি করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

No comments
ধন্যবাদ।