ইরানে বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে
ইরানের শহীদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৫০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছে আলজাজিরা।
শহীদ রাজয়ি বন্দর রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইরানের অন্যতম প্রধান কনটেইনার বন্দর, যা বন্দর আব্বাস শহর থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থান করছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালির মাধ্যমেই বিশ্বজুড়ে এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, বন্দরের আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। জ্বলন্ত কনটেইনারে আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে।
ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি প্রাথমিকভাবে ধারণা করছেন, কনটেইনারগুলিতে রাসায়নিক উপকরণ অনিরাপদভাবে মজুত থাকায় বিস্ফোরণ ঘটতে পারে। তিনি জানান, এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, বিস্ফোরণের পেছনে রাসায়নিক উপকরণের ভূমিকা থাকতে পারে, তবে এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণের ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণ ও বিস্তৃতি রোধে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর স্থানীয় টেলিভিশন ‘প্রেস টিভি’তে প্রচারিত ফুটেজে দেখা যায়, আগুনের তীব্রতা আরও বেড়েছে। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments
ধন্যবাদ।