ভারত সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না
সিন্ধু নদ থেকে পাকিস্তানে পানি না যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত, পাল্টা হুঁশিয়ারি দিল ইসলামাবাদ
সিন্ধু নদ থেকে ভবিষ্যতে যেন এক ফোঁটাও পানি পাকিস্তানে না যায়, সে লক্ষ্যেই পরিকল্পনা করছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল এই তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে এই ইস্যুতে একটি রোডম্যাপ তৈরি হয়েছে। সেখানে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে তিনটি পর্যায়ে কাজ করার পরিকল্পনা রয়েছে, যার উদ্দেশ্য পাকিস্তানে পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করা।
পাতিল আরও জানান, নদীর প্রবাহ বন্ধ করতে দ্রুত ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করে পানি অন্যদিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে, ভারতের এই পদক্ষেপের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত যদি পানি বন্ধের উদ্যোগ নেয়, তবে সেটিকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে এবং তারা যথাযথ জবাব দেবে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে। এর পরই নয়াদিল্লি সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানের নাগরিকদের ভিসা সুবিধা বাতিল করে এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয়।
পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতের বিমান চলাচলে আকাশসীমা বন্ধ করে, সীমান্ত পারাপার স্থগিত করে এবং ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করে।
এ ঘটনার প্রেক্ষিতে ভারতে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়—যখন বাস্তবিক অর্থে পানির প্রবাহ বন্ধের মতো অবকাঠামো তৈরি হয়নি, তখন চুক্তি স্থগিতের ঘোষণা কেন?
সরকার এর জবাবে জানায়, এটি ছিল প্রতীকী ও কৌশলগত একটি পদক্ষেপ। এর মাধ্যমে দেশ-বিদেশে একটি কড়া বার্তা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য। ভবিষ্যতে সরকার আরও কী পদক্ষেপ নেবে, এই ঘোষণার মাধ্যমে সেটারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
সূত্র: ইকোনোমিক টাইমস
No comments
ধন্যবাদ।