ভারতের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া
ভারতের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় আহত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান। এ ঘটনার পরই গায়কের স্ত্রী গরিমা গর্গ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।
দীর্ঘ সংগীতজীবনে জুবিন টলিউড ও বলিউডের অসংখ্য চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। বিশেষ করে ইমরান হাশমি অভিনীত ‘গ্যাংস্টার’ ছবির জনপ্রিয় গান ইয়া আলি তাকে সারা ভারতজুড়ে আলোচনায় নিয়ে আসে।
জানা গেছে, তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য, নৃত্য, সংগীত, হস্তশিল্প ও খাবারের প্রদর্শনী হয়। সেই উৎসব চলাকালেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
১৯৭২ সালের ১৮ নভেম্বর ভারতের মেঘালয়ের তুরায় জন্ম নেন জুবিন গর্গ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতিকে বিশ্বে পরিচিত করায় অবদানের জন্য তাকে অনেকেই অঞ্চলের ‘রাজপুত্র’ বলে অভিহিত করেন।
শিক্ষাজীবনে তিনি তামুলপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং বি. বরোয়াহ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ওকব্রুকে অনুষ্ঠিত আসাম কনভেনশনে তাকে বর্ষসেরা অতিথি শিল্পী হিসেবে সম্মাননা দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট.) ডিগ্রি প্রদান করে।

No comments
ধন্যবাদ।