Header Ads

Header ADS

রাশিয়ার উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প

 

রাশিয়ার উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালেই অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যে ছিল ৭.৮, আর স্থানীয় জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে ৭.৪ মাত্রা। এর ফলে অন্তত পাঁচবার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। খবর—এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন ভবনের আসবাবপত্র ও লাইট দুলছে। আরেকটি ভিডিওতে রাস্তায় পার্কিং করা গাড়ি কাঁপতে দেখা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কামচাতকার রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় এলাকায় ভয়াবহ ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রামে জানান, সকালে আবারও কম্পন অনুভূত হয়েছে। যদিও তাৎক্ষণিক কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে তিনি জনগণকে সুনামির বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

কামচাতকা উপদ্বীপটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’–এ অবস্থিত। এ কারণে প্রায়ই সেখানে ভূমিকম্প হয়। এর আগে গত জুলাইতে ওই এলাকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে উপকূলীয় অঞ্চল সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছিল।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.