রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও এ কম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর দুই মিনিট পর, বিকেল ৫টা ১৩ মিনিটে সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে প্রায় ১৩১ কিলোমিটার দূরে, ভুটানের সীমান্তবর্তী ভারতের আসামের উদালগুড়ি এলাকার পূর্ব দিকে। এখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ এবং কেন্দ্র ছিল বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। তাদের তথ্যমতে, উৎপত্তিস্থল ছিল ভারতের আগরতলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তর দিকে এবং বাংলাদেশের কুমিল্লা থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে গত এপ্রিলেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়েছিল। তখন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

No comments
ধন্যবাদ।