আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েছে
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত এক হাজার ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে ইতোমধ্যেই আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) মৃতের সংখ্যা প্রায় ৫০০ বলে জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছেন, কুনার প্রদেশে তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আরও বহু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেনা ও চিকিৎসকরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের অ্যাম্বুলেন্সে তুলে চিকিৎসার ব্যবস্থা করছেন। মাত্র কয়েকটি ক্লিনিকের পরিসংখ্যানেই পাওয়া গেছে ৪০০ জনের বেশি আহত ও কয়েক ডজন নিহতের খবর।
আফগান সংবাদসংস্থা বাখতার জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলোকে সহায়তা দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কুনারে পাঠিয়েছে ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ–সরঞ্জাম। এ ছাড়া জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান মোল্লা নূরউদ্দিন তুরাব স্বয়ং ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।
ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল কারণ এটি মাত্র ৫ মাইল গভীরতায় আঘাত হানে। ফলে মাঝারি মাত্রার হলেও এর প্রভাব মারাত্মক হয়ে ওঠে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা, যেখানে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

No comments
ধন্যবাদ।