Header Ads

Header ADS

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করছে এনসিপি আজ, শহীদ মিনারে সমাবেশ

পদযাত্রার মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা শোনার পর আজ রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশতেহার পাঠ করবেন, যেখানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত ও দাবির ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হবে।

এদিন ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবে এনসিপি।

আন্দোলন থেকে রাজনীতিতে যাত্রা শুরু করা এই দলের নেতা-কর্মীদের আজ সারা দেশ থেকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শহীদ মিনারের সমাবেশ ঘিরে এনসিপি প্রায় এক থেকে দেড় লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি নিয়েছে। এদিকে, কাছাকাছি সময়ে রাজধানীর শাহবাগে ছাত্রদলের জাতীয় ছাত্র সমাবেশ থাকায় কিছুটা উত্তেজনার আশঙ্কা করা হলেও এনসিপি নেতারা সংঘাত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী সরকার পতনের পরও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বহাল আছে। সেটিকে চ্যালেঞ্জ করতেই আমরা নতুন বাংলাদেশের রূপরেখা প্রকাশ করতে যাচ্ছি।’ তিনি জানান, জুলাইয়ের পদযাত্রা চলাকালে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনে উঠে আসা বিষয়গুলোর ভিত্তিতেই তৈরি হয়েছে ইশতেহার।

তিনি আরও বলেন, ‘আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান, শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব। জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে।’

ঢাকায় আজ এইচএসসি পরীক্ষা এবং ছাত্রদলের কর্মসূচি থাকায় জনদুর্ভোগের আশঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে, কর্মসূচির স্থান পরিবর্তন করায় ছাত্রদলকে ধন্যবাদও জানান।

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে হবে। আমরা শুনেছি সরকার ওই দিনই জুলাই সনদ প্রকাশ করতে যাচ্ছে, এটিকে আমরা স্বাগত জানাই। তবে এটি অবশ্যই আইনি ভিত্তিসহ সংবিধানের প্রস্তাবনা ও তপশিলে অন্তর্ভুক্ত থাকতে হবে।’

তিনি জানান, ‘জুলাই সনদের অনেক বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে মতানৈক্য (নোট অব ডিসেন্ট) রয়েছে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য কমিশন কিছু জানায়নি। সেটা নিশ্চিত হলেই আমরা সই করব।’

তিনি স্পষ্ট করেন, ‘নতুন নির্বাচন, সংসদ বা গণপরিষদ গঠন—সবই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকার থেকেই কার্যকর করতে হবে।’

অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান

নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, ‘জুলাই, বৈষম্যবিরোধী বা এনসিপির নামে কেউ অপকর্ম করলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরাও দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি। এই নামগুলো ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অসাধু কাজে যুক্ত হয়, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি স্বীকার করেন, রাজনৈতিক দলের ভেতরেও চাঁদাবাজির প্রবণতা রয়েছে এবং এসব নিয়েও কঠোর হতে হবে। ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিলোপ ঘটানোই আমাদের সম্মিলিত প্রত্যাশা’, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.