১১৪ নিহতের মরদেহ উত্তোলনের নির্দেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ১১৪ জন অশনাক্ত ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সোমবার (৪ আগস্ট) এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলনের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিহত হন। এদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে শনাক্ত না করেই মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
আইনি পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের পরিচয় নিশ্চিতের লক্ষ্যে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করে যথাযথ প্রক্রিয়ায় পোস্টমর্টেম, ডিএনএ সংগ্রহ ও প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থাও নেওয়া হবে।
আবেদনটি পর্যালোচনা শেষে আদালত তা মঞ্জুর করেন এবং ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

No comments
ধন্যবাদ।