তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর (আফাদ) বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছাকাছি বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা গেছে, এর প্রভাব আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।
আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, এর মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।
বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে সেখানে থাকা ছয়জনের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, আফাদের জরুরি দল ইস্তাম্বুলসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পপ্রবণ তুরস্ক সক্রিয় কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স, টিআরটি গ্লোবাল

No comments
ধন্যবাদ।